দিল্লি হাইকোর্টের ঐতিহাসিক পর্যবেক্ষণ: বৈধ ভিসা থাকলেও ভারতে প্রবেশের অধিকার নিশ্চিত নয়
India · 04-10-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team
দিল্লি হাইকোর্ট এক ঐতিহাসিক পর্যবেক্ষণে জানিয়েছে, বৈধ ভিসা থাকা মানেই কোনো বিদেশি নাগরিকের ভারতে প্রবেশের নিঃশর্ত বা আইনগত অধিকার নয়; জাতীয় নিরাপত্তা ও অন্যান্য কারণে এন্ট্রি বাতিল হতে পারে।
ভারতে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় ও পর্যবেক্ষণ দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, পাসপোর্ট ও একটি বৈধ ভারতীয় ভিসা থাকা মানেই কোনো বিদেশি নাগরিকের ভারতে প্রবেশের স্বাভাবিক, নিঃশর্ত বা আইনগত অধিকার নিশ্চিত হয় না। গত ৩০ সেপ্টেম্বর বিচারপতি অমিত মহাজন এই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দেন।
আদালত ব্যাখ্যা করে যে, ভিসা ইস্যু করা এবং কোনো বিদেশিকে দেশের অভ্যন্তরে প্রবেশের চূড়ান্ত অনুমতি দেওয়া (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) সম্পূর্ণ পৃথক দুটি বিষয়। একটি রাষ্ট্র তার সার্বভৌম ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে জাতীয় নিরাপত্তা, দেশের অখণ্ডতা, পররাষ্ট্রনীতি, জনস্বাস্থ্য এবং প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার্থে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও যেকোনো বিদেশির প্রবেশাধিকার বাতিল করতে পারে।
তুর্কমেনিস্তানের এক নারী নাগরিকের দায়ের করা রিট আবেদনের শুনানিতে এই পর্যবেক্ষণ আসে। ওই নারী অভিযোগ করেছিলেন যে, বৈধ ব্যবসায়িক ভিসা ও পাসপোর্ট থাকার পরও গত ২৫ মার্চ তাকে নয়াদিল্লি বিমানবন্দরে প্রবেশের অনুমতি না দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়, যদিও তার স্বামীকে প্রবেশ করতে দেওয়া হয়েছিল।
জবাবে কেন্দ্রীয় সরকার ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ আদালতকে জানায় যে, ওই নারীর বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেতিবাচক রিপোর্ট থাকায় নিরাপত্তা স্বার্থে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। নথিপত্রে দেখা যায়, ২০২৫ সালেই তিনি ৪৭ বার ভারতে এসেছিলেন এবং তার পেশা, বাবা-মা ও স্বামীর পরিচয়ে অসঙ্গতি ছিল। ব্যবসায়িক ভিসায় এলেও তিনি নিজেকে 'গৃহিণী' হিসেবে দাবি করেছিলেন এবং তার কাছে কোনো ব্যবসায়িক আমন্ত্রণপত্র ছিল না। সবকিছু পর্যালোচনা শেষে আদালত ওই নারীর আবেদন খারিজ করে দেন এবং সরকারের সিদ্ধান্তকে বৈধতা দেন।