অস্ট্রেলিয়ার সাবক্লাস ৪০৭ প্রশিক্ষণ ভিসা: ১২ নভেম্বর থেকে নতুন অফশোর নিয়ম
Australia · 06-11-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team
বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ার 'সাবক্লাস ৪০৭ ট্রেনিং ভিসা'র আবেদন ও মঞ্জুরির ক্ষেত্রে কঠোর অফশোর অবস্থান নিশ্চিতের নতুন বিধি জারি করেছে দেশটির স্বরাষ্ট্র বিভাগ।
অস্ট্রেলিয়ায় কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ দিতে 'সাবক্লাস ৪০৭ ট্রেনিং ভিসা' (Subclass 407 Training Visa) সংক্রান্ত বিধিমালার নতুন সংশোধনী প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র বিভাগ। আগামী ১২ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মে বাংলাদেশিরাও এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
নতুন বিধিমালার প্রধান শর্ত হলো, আবেদন জমা দেওয়া এবং ভিসা মঞ্জুরের সময় আবেদনকারীকে অবশ্যই অস্ট্রেলিয়ার বাইরে (অফশোর) অবস্থান করতে হবে। অস্ট্রেলিয়ায় অবস্থানরত কেউ দেশটির ভেতরে থেকে এ ভিসার আবেদন করতে পারবেন না, যা 'ভিসা হপিং' বা অভ্যন্তরীণ স্ট্যাটাস পরিবর্তন রোধের উদ্দেশ্যে করা হয়েছে। এছাড়া এই ভিসার আবেদনের জন্য অস্ট্রেলিয়ার অনুমোদিত স্পনসরের অধীনে নির্দিষ্ট ট্রেনিং প্রোগ্রামের জন্য মনোনয়ন (Nomination) অনুমোদন এবং প্রযোজ্য আর্থিক সামর্থ্যের শর্ত পূরণ করতে হবে।