এইচ-১বি ভিসা অপব্যবহার: মার্কিন কর্মীদের ছাঁটাই করে বিদেশি কর্মী নিয়োগে কড়া হুঁশিয়ারি ভ্যান্সের
USA · 28-09-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এইচ-১বি ভিসার অপব্যবহার করে মার্কিন কর্মী ছাঁটাইয়ের পর কম বেতনে বিদেশি কর্মী নিয়োগকারী বহুজাতিক কোম্পানিগুলোকে কড়া সতর্কবার্তা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে এইচ-১বি (H-1B) ভিসার অপব্যবহার রোধে এবার কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এক কড়া বার্তায় জানিয়েছেন, যেসব বহুজাতিক কোম্পানি মার্কিন কর্মীদের ছাঁটাই করে সেই শূন্যপদে কম বেতনে বিদেশি কর্মী নিয়োগ দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে (X) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন।
ভ্যান্স ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক কোম্পানি হাজার হাজার কর্মী ছাঁটাই করার কিছুদিন পরই ‘কর্মী সংকট’-এর অজুহাত দেখিয়ে এইচ-১বি ভিসার জন্য আবেদন করে, যা অত্যন্ত অযৌক্তিক। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, এই ভিসার মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করা, দেশীয় কর্মীদের চাকরিচ্যুত করে সস্তায় বিদেশি শ্রম কেনা নয়। যেসব প্রতিষ্ঠান এই নিয়ম অমান্য করবে, যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের ব্যবসা পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে বলে তিনি সতর্ক করেন।
গত ১৮ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসা সংক্রান্ত একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ভ্যান্সের এই ভিডিও বার্তাটি মূলত সেই আদেশেরই একটি ব্যাখ্যা। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে কোনো প্রতিষ্ঠান বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার আবেদন করলে যুক্তরাষ্ট্রের শ্রম, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ওই কোম্পানির সাম্প্রতিক কর্মী ছাঁটাইয়ের রেকর্ড গভীরভাবে পর্যালোচনা করবে।
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে চালু হওয়া এইচ-১বি ভিসা কর্মসূচির মাধ্যমে প্রতি বছর বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল খাতের ৮৫ হাজার দক্ষ বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ দেওয়া হয়। পরিসংখ্যান অনুযায়ী— অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, অ্যাপল ও মেটার মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোই এই ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী।