মালয়েশিয়ায় সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা, কাজের সুযোগ পেল ৩৩৮ এজেন্সি
Malaysia · 17-10-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team
দীর্ঘ অপেক্ষার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিতে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটি।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া সরকার। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সুখবর জানানো হয়।
নতুন এই চুক্তির আওতায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য বোয়েসেল (BOESL), ২৫টি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সিসহ মোট ৩৩৮টি এজেন্সিকে তালিকাভুক্ত করা হয়েছে। এখন থেকে অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলো নিজেরাই মালয়েশিয়ায় নিয়োগকর্তা খুঁজে বের করা, চাহিদাপত্র সংগ্রহ এবং কর্মী নির্বাচনসহ যাবতীয় নিয়োগ কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে। কলিং ভিসা ও ই-ভিসার মতো প্রশাসনিক কাজে বোয়েসেলসহ ২৫টি সার্ভিস এজেন্সি প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য পরীক্ষার (মেডিকেল টেস্ট) নিয়মেও কঠোরতা আনা হয়েছে। আপাতত মালয়েশিয়ার ওয়েবসাইটে তালিকাভুক্ত কেন্দ্রগুলোর মধ্য থেকে বিতর্কিত ও অনিয়মে যুক্ত কেন্দ্রগুলো বাদ দিয়ে বাকিগুলোর মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে মালয়েশিয়ার প্রতিনিধি দল বাংলাদেশে এসে পরিদর্শন শেষে নতুন নীতিমালা অনুযায়ী মেডিকেল সেন্টারগুলোর পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করবে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে, কোনো নির্দিষ্ট মেডিকেল সেন্টারকে এককভাবে একচেটিয়া ব্যবসা বা স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না।