ঢাকায় দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র চালু: সাধারণ আবেদনকারীদের জন্য নতুন নিয়ম
South Korea · 28-08-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team
বাংলাদেশি আবেদনকারীদের জন্য কোরিয়ার ভিসা প্রক্রিয়া আরও গতিশীল ও সহজ করতে বনানীতে নতুন ভিসা সেন্টার চালু করছে দূতাবাস; সাধারণ ভিসা জমা ও পাসপোর্ট সংগ্রহের কাজ এখন থেকে এই কেন্দ্রেই হবে।
বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন কার্যক্রমকে আরও গতিশীল ও নিরবচ্ছিন্ন করতে ঢাকায় নতুন একটি ভিসা আবেদন কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অবস্থিত ‘বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ারে’ আগামী ২ সেপ্টেম্বর থেকে এই নতুন সেন্টারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে।
এই কেন্দ্রটি চালু হওয়ার সাথে সাথে সাধারণ আবেদনকারীদের জন্য কোরিয়ার ভিসা জমা দেওয়া এবং প্রক্রিয়াকরণ শেষে পাসপোর্ট সংগ্রহের কার্যক্রমে পরিবর্তন আসছে। এখন থেকে সাধারণ ক্যাটাগরির সকল ভিসা আবেদন জমা নেওয়া ও পাসপোর্ট হস্তান্তরের যাবতীয় কাজ সরাসরি এই সেন্টারের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।
তবে সরকারি কর্মকর্তা ও কূটনীতিকদের জন্য পূর্বের নিয়মই অপরিবর্তিত রাখা হয়েছে। কূটনৈতিক বা অফিশিয়াল নোটের মাধ্যমে দাখিল করা আবেদনগুলোর পাসপোর্ট গ্রহণ ও ভিসা ইস্যুর যাবতীয় প্রক্রিয়া আগের মতোই দূতাবাস সরাসরি পরিচালনা করবে।