নিউজিল্যান্ডে স্টুডেন্ট ভিসায় বিরাট সুখবর: পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা সম্প্রসারণ ও নতুন ভিসা চালু
New Zealand · 05-10-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার পরিধি বাড়ানোর পাশাপাশি আগামী ১৬ নভেম্বর থেকে নতুন ৬ মাস মেয়াদি 'শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা' চালু করতে যাচ্ছে নিউজিল্যান্ড।
উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা ও ইউরোপের পাশাপাশি এবার শিক্ষার্থীদের নজর কাড়ছে নিউজিল্যান্ড। মূলত পড়াশোনা শেষে কাজের সুযোগ বা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা (Post-Study Work Visa) সম্প্রসারণের কারণেই দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ঝোঁক বাড়ছে। আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের জন্য এই ওয়ার্ক ভিসার যোগ্যতা আরও প্রসারিত করতে যাচ্ছে নিউজিল্যান্ড সরকার। পাশাপাশি যারা এই ভিসার শর্ত পূরণ করতে পারবেন না, তাদের সুবিধার্থে সম্পূর্ণ নতুন ৬ মাস মেয়াদি 'শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা' চালু করার যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি নিউজিল্যান্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষ ২০২৬ সালের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতার একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে ২৪টি অনুমোদিত শিক্ষাগত যোগ্যতা স্থান পেয়েছে। এই তালিকায় লেভেল ৪ সার্টিফিকেট থেকে শুরু করে লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা পর্যন্ত বিভিন্ন কোর্স অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, নির্মাণ (কনস্ট্রাকশন), শিক্ষা এবং কৃষি খাতের স্নাতকেরা সরাসরি এই নতুন ভিসা সুবিধার আওতায় পড়বেন।
তবে নিউজিল্যান্ড কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (NZQF) অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ শর্তও জুড়ে দেওয়া হয়েছে। শর্তমতে, লেভেল ৭ বা তার নিচের নন-ডিগ্রি কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের পড়াশোনার বিষয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত চাকরিতেই কাজ করতে পারবেন। অর্থাৎ, পড়াশোনা শেষে কর্মক্ষেত্রে প্রবেশের জন্য নির্বাচিত পেশাটি অবশ্যই তাদের অধ্যয়নকৃত কোর্সের সাথে প্রাসঙ্গিক হতে হবে।