শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়া বন্ধ করল ঢাকার সুইডিশ দূতাবাস
Sweden · 02-11-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team
ঢাকার সুইডিশ দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়া ও সহায়তা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে; এখন থেকে ভিসা ও আপিল সংক্রান্ত সব বিষয়ে সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে।
বাংলাদেশ থেকে শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ ও এ-সংক্রান্ত সার্বিক সহায়তা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে ঢাকার সুইডিশ দূতাবাস। সোমবার (২ নভেম্বর) দূতাবাসের এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেনজেন ভিসা সংক্রান্ত কোনো নির্দেশনা, তথ্য বা পরামর্শমূলক সহায়তা দেওয়ার অনুমোদন বর্তমানে আর ঢাকার দূতাবাসের নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেনজেন ভিসার আবেদন, আমন্ত্রণপত্র (ইনভিটেশন), আপিল কিংবা ব্যক্তিগত কেসের অগ্রগতির বিষয়ে দূতাবাস আর কোনো সহায়তা দিতে পারবে না। ভিসা ও আপিল সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা যোগাযোগের জন্য আবেদনকারী এবং স্পন্সরদের সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির (Swedish Migration Agency) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। তবে বাংলাদেশে শেনজেন ভিসা আবেদনের বিকল্প ব্যবস্থা বা নতুন প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।