যুক্তরাজ্যের এইচপিআই ওয়ার্ক ভিসার নতুন তালিকা প্রকাশ: সুযোগ নেই বাংলাদেশের
UK · 05-11-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জব অফার ছাড়া কাজ করার সুযোগসম্বলিত 'হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল' (এইচপিআই) ভিসার যোগ্য বৈশ্বিক বিশ্ববিদ্যালয়ের নতুন তালিকা প্রকাশ করেছে, যাতে স্থান পায়নি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান।
জব অফার বা কোনো নিয়োগদাতার স্পনসরশিপ ছাড়াই যুক্তরাজ্যে কাজের সুযোগ দেওয়া 'হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল' (HPI) ভিসার জন্য যোগ্য শীর্ষ বৈশ্বিক বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Home Office)। নতুন এই তালিকা ২০২৬ সালের নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
তবে এই বৈশ্বিক তালিকায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কোনো বিশ্ববিদ্যালয় জায়গা পায়নি। ফলে দেশীয় বিশ্ববিদ্যালয় থেকে সদ্য ডিগ্রি অর্জনকারীরা এই বিশেষ ক্যাটাগরির আওতায় সরাসরি কাজের সুবিধা পাবেন না। এইচপিআই ভিসার আওতায় যোগ্য বিদেশি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা যুক্তরাজ্যে সরাসরি প্রবেশ করে চাকরি খোঁজা বা কাজ করার সুযোগ পেয়ে থাকেন। তবে আবেদনকারীদের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়ের জন্য নির্ধারিত আর্থিক সামর্থ্য এবং ইংরেজি ভাষার দক্ষতার শর্ত পূরণ বাধ্যতামূলক রাখা হয়েছে।