Skill Planet
কোর্স লোড হচ্ছে…
Skill Planet

ভিসা প্রতারণা ঠেকাতে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো যে ৩ প্রস্তাব

UK · 15-06-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team

যুক্তরাজ্যের শীর্ষ ২৪টি বিশ্ববিদ্যালয়ের জোট রাসেল গ্রুপ ছাত্র ভিসা জালিয়াতি দমনে ঢালাও বিধিনিষেধের পরিবর্তে ‘লক্ষ্য ও ঝুঁকিভিত্তিক’ ৩ দফা প্রস্তাব পেশ করেছে।

যুক্তরাজ্যের শীর্ষ ২৪টি বিশ্ববিদ্যালয়ের জোট রাসেল গ্রুপ ছাত্র ভিসা জালিয়াতি দমনে ‘লক্ষ্য ও ঝুঁকিভিত্তিক’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটির মতে, বিচ্ছিন্ন কিছু জালিয়াতির ঘটনায় এমন ঢালাও (Blanket) বিধিনিষেধ আরোপ করা উচিত নয়, যা প্রকৃত আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করে।

যুক্তরাজ্য সরকারের কঠোর কমপ্লায়েন্স-ব্যবস্থার জবাবে রাসেল গ্রুপ ছাত্র ভিসাব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা জোরদারে একটি তিন দফা পরিকল্পনা প্রকাশ করেছে:

1. ডেটা অ্যাক্সেস: বিশ্ববিদ্যালয়গুলোকে UK Visas and Immigration (UKVI)-এর জাল নথি, আঞ্চলিক প্রবণতা এবং রিক্রুটমেন্ট এজেন্টদের আচরণসংক্রান্ত ডেটায় সরাসরি প্রবেশাধিকার দেওয়া।

2. কঠোর শাস্তি: বর্তমান ১০ বছরের পুনঃপ্রবেশ নিষেধাজ্ঞার চেয়েও আরও কঠোর শাস্তির ব্যবস্থা বিবেচনা করা।

3. সরাসরি রিপোর্টিং চ্যানেল: বিশ্ববিদ্যালয় ও UKVI-এর মধ্যে সরাসরি জালিয়াতি প্রতিবেদন চ্যানেল চালু করা এবং সন্দেহভাজন আবেদনকারীদের তথ্য ভাগাভাগির স্পষ্ট নিয়ম নির্ধারণ করা।

বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান পদক্ষেপসমূহ:

রাসেল গ্রুপ জানিয়েছে, তাদের সদস্য বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া চালাচ্ছে, যার মধ্যে রয়েছে:

  • CAS ইস্যুর আগে অতিরিক্ত অনুমোদন ধাপ এবং বাধ্যতামূলক দ্বিতীয় ব্যক্তির যাচাই।
  • শিক্ষাগত যোগ্যতা সরাসরি প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে মিলিয়ে দেখা।
  • ইংরেজি ভাষা পরীক্ষার ফল এবং আর্থিক নথি (ব্যাংক ও তৃতীয় পক্ষ) পুঙ্খানুপুঙ্খভাবে ভেরিফিকেশন করা।

রাসেল গ্রুপের প্রধান নির্বাহী অধ্যাপক লিবি হ্যাকেট বলেন, প্রতারণা পুরো ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করে। তাই প্রকৃত শিক্ষার্থীদের সুযোগ সুরক্ষিত রেখে অপব্যবহার ঠেকাতে সরকার ও বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ প্রচেষ্টাকে তারা সমর্থন করেন।

আরও ভিসা নিউজ

UK ভিসার সব নিউজ · Student Visa নিউজ

ভিসা প্রসেসিং ও এয়ার টিকেটিং কোর্স দেখুন