যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় ব্যাংক ফান্ডের শর্ত কঠোর: ৩০ নভেম্বর থেকে কার্যকর
UK · 30-10-2026 · লিখেছেন: Raihan Islam, Skill Planet Team
যুক্তরাজ্যে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য লিভিং কস্ট ও ব্যাংক ব্যালেন্স প্রদর্শনের শর্ত বাড়িয়েছে ব্রিটিশ সরকার; আগামী ৩০ নভেম্বর থেকে লন্ডনে প্রতি মাসে ১,৫২৯ পাউন্ড ও বাইরে ১,১৭১ পাউন্ড দেখাতে হবে।
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার আর্থিক সক্ষমতা (মেইনটেন্যান্স ফান্ড) প্রদর্শনের শর্ত আরও কঠোর করেছে যুক্তরাজ্য সরকার। নতুন সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর থেকে এই বর্ধিত ফান্ডের নিয়ম কার্যকর হতে যাচ্ছে।
নতুন নিয়মে লন্ডনের ভেতরের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের ক্ষেত্রে প্রতি মাসের জন্য ১,৫২৯ পাউন্ড (সর্বোচ্চ ৯ মাসের জন্য ১৩,৭৬১ পাউন্ড) এবং লন্ডনের বাইরের প্রতিষ্ঠানের জন্য প্রতি মাসে ১,১৭১ পাউন্ড (সর্বোচ্চ ৯ মাসের জন্য ১০,৫৩৯ পাউন্ড) ব্যাংকে প্রদর্শন করতে হবে। এর পাশাপাশি টিউশন ফির বকেয়া অংশও হিসাবে থাকতে হবে। বাংলাদেশ 'ডিফারেনশিয়াল এভিডেন্স'-এর অন্তর্ভুক্ত না হওয়ায় আবেদনকারীদের এই পুরো ফান্ড টানা অন্তত ২৮ দিন ব্যাংক অ্যাকাউন্টে ধরে রাখতে হবে এবং স্টেটমেন্টটি ভিসা আবেদনের পূর্ববর্তী ৩১ দিনের মধ্যকার হতে হবে।